ঈদ যাত্রায় যাত্রীদের ছবি তোলা হবে, ফিটনেসবিহীন গাড়ি চলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date:

ঈদ যাত্রায় যাত্রীদের ছবি তোলা হবে, ফিটনেসবিহীন গাড়ি চলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যাত্রীবেশে বাসে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে রঙচঙে সাজিয়ে রাস্তায় নামানো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, এবারের ঈদ যাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা সরকারের নির্দেশনা মানতে সম্মত হয়েছে।

উপদেষ্টা বলেন, গতবার ঈদে মানুষ নির্বিঘ্নে যাত্রা করতে পেরেছে, এবারও যেন নির্ধারিত ভাড়ায় আসা-যাওয়া নিশ্চিত হয়, সেই লক্ষ্যে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে নির্ধারিত ভাড়ার বাইরে যাবে না।

তিনি জানান, ঈদের সময় অনেক সময় অদক্ষ ড্রাইভার দিয়ে বাস চালানো হয়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। সেজন্য বাস মালিকদের অনুরোধ করা হয়েছে, যেন কোনোভাবেই অদক্ষ চালকদের দিয়ে গাড়ি না চালানো হয়।

ডাকাতি প্রতিরোধে নেওয়া উদ্যোগের বিষয়ে উপদেষ্টা বলেন, “অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে এবার দূরপাল্লার সকল বাসে যাত্রীর ছবি তোলা হবে। প্রথম স্টপেজ থেকে শুরু করে যেখানেই যাত্রী উঠুক, তাদের ছবি তুলতে হবে। আমিনবাজার বা সাভার যেখানেই হোক—ছবির প্রক্রিয়া বাধ্যতামূলক থাকবে।

তিনি আরও জানান, প্রতিটি বাসে তিনজন করে নিরাপত্তা সদস্য থাকবে। কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তারা মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করবে।

ফিটনেসবিহীন গাড়ি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অনেক সময় দেখা যায়, ফিটনেসবিহীন গাড়ি রংচং করে রাস্তায় নামানো হয়। কিন্তু এবার কোনো অবস্থাতেই রং দিয়ে সাজালেও ফিটনেসবিহীন গাড়িকে রাস্তায় নামতে দেওয়া হবে না।

ড্রাইভারদের বিশ্রামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে তিনি বলেন, রাজশাহীতে গিয়ে চালককে যেন সেখান থেকেই ফিরে না আসতে হয়। চালকদের পর্যাপ্ত বিশ্রামের ব্যবস্থা করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে নেয়া পদক্ষেপের কথা জানিয়ে উপদেষ্টা বলেন, মানুষের জান-মালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সকল ছুটি বাতিল করা হয়েছে। শুধুমাত্র জরুরি ছুটি রাখা হয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক আছি যাতে দেশে কোথাও কোনো সমস্যা না হয়।

Popular

More like this
Related

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প...

জাকসুর পোলিং অফিসার মারা গেছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালন...

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম

ডাকসু নির্বাচনে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে: সাদিক কায়েম ঢাকা...

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য

সকালের অভ্যাসেই লুকিয়ে আছে সুস্বাস্থ্য সকাল থেকেই দিনের ছন্দ ঠিক...