বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাধারণ মানুষের বিশ্বাসের কারণেই তারা বিএনপির সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন। বিএনপির ডাকে সাড়া দিয়ে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, কারণ তারা বিশ্বাস করতেন—নতুন বাংলাদেশ গড়তে একমাত্র বিএনপিই সক্ষম।
বুধবার (বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে) যশোর নগর ও সদর উপজেলা বিএনপির আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে অমিত এসব কথা বলেন। তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে আপনারা নিজেদের ক্যারিয়ার, সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন। এখন সব ধরনের প্রলোভনকেও ত্যাগ করতে হবে। তাহলেই আমরা জনগণের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারব।”
টাউন হল ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। পরে অধ্যাপক নার্গিস বেগম ও অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে টাউন হল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি দড়াটানা মোড়, চৌরাস্তা মোড়, আরএন রোড হয়ে মনিহারে গিয়ে শেষ হয়।
অমিত আরও বলেন, “আমরা কারও অবদানকে ছোট করে দেখতে চাই না। আওয়ামী লীগ হটাও আন্দোলনের জয় সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। তাই নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে এগোতে হবে।” তিনি দুর্দিনে সাহসিকতার সঙ্গে রাজপথে থাকা সদর উপজেলা ও নগর বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। পরিচালনা করেন নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন প্রমুখ।
এছাড়া র্যালিতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু, অ্যাডভোকেট মো. ইসহক, জাফর সাদিক, আব্দুস সালাম আজাদ, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

