যশোর সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় শহরের বড়বাজার, চৌরাস্তা, জেস টাওয়ার, ইডেন মার্কেট, মোবাইল মার্কেট ও সিটি প্লাজা এলাকার বড়বাজার ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের পক্ষে সমর্থন চান। এ সময় উপস্থিত ছিলেন যশোর শহর জামায়াতের নায়েবে আমির ইসমাইল হোসেন, ব্যবসায়িক ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাশেম, সেক্রেটারি জাহাঙ্গীর কবির সোহেল সহ জামায়াতের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
বড়বাজারের ব্যবসায়ীরা ভিপি আব্দুল কাদেরকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনীত করায় আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জুলুম, নির্যাতন, নিপীড়ন ও চাঁদাবাজির শিকার হচ্ছি। এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা নতুন কিছু দেখতে চাই। নির্বাচনে জামায়াত ইসলামের প্রার্থী বিজয়ী হলে এসব নির্যাতন বন্ধ হবে বলে আমাদের প্রত্যাশা।
ব্যবসায়ীদের এই প্রত্যাশার প্রেক্ষিতে ভিপি আব্দুল কাদের বলেন, আপনাদের ভালোবাসা ও আস্থা আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ নির্বাচিত হলে ব্যবসায়ীদের নিরাপত্তা, হয়রানি ও চাঁদাবাজিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। ব্যবসা-বাণিজ্যকে সুরক্ষিত রাখা এবং বাজারে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক কাজ করব।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম সর্বদা জনগণের পাশে থেকেছে। বর্তমান সময়ে সাধারণ মানুষ যে অবিচার, নিপীড়ন ও অনিয়মের শিকার হচ্ছে, তা বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ পরিবর্তন আসবেই।
গণসংযোগকালে বড় বাজারের বিভিন্ন দোকানদার ও ব্যবসায়ীরা ভিপি আব্দুল কাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

